ফেনী বাজারের দোকানগুলো শুধু পণ্য বিক্রি করে না, গল্প বিক্রি করে। অনেক দোকানদার আছেন, যাদের চেহারা ছোটবেলা থেকেই দেখা। দোকান বদলায়, বিল্ডিং বদলায়, কিন্তু মানুষগুলো একই থেকে যায়।

একটা কাপড়ের দোকানে ঢুকলে দোকানদার জিজ্ঞেস করবে না, “কি লাগবে?”
সে বলবে, “কেমনে আছেন? আব্বা কেমন আছেন?”
এই সম্পর্কটাই ফেনী বাজারের মূল শক্তি।

এখানে দরদাম করাও একটা শিল্প। দরদাম মানে শুধু দাম কমানো না, দরদাম মানে সম্পর্ক তৈরি করা। দোকানদার জানে, এই কাস্টমার আবার আসবে। তাই একটু হাসি, একটু ছাড়—সব মিলিয়ে ব্যবসা আর মানবিকতা একসাথে চলে।

ফেনী বাজারে হাঁটলে মনে হয়, এটা একটা ছোট শহর না—এটা একটা সমাজ, যেখানে সবাই সবাইকে চেনে বা চিনে ফেলার চেষ্টা করে।