ফেনী বাজার কথাটা ফেনীর মানুষ যেভাবে ব্যবহার করে, সেটার ভেতরে একটা আলাদা আত্মা আছে। কেউ বলে না, “আমি শহরে যাচ্ছি” — বলে, “ফেনী বাজারে যাইতেছি”। ফেনীর মানুষ বাজারকে শহরের সমার্থক বানিয়ে ফেলেছে বহু আগেই।

সকাল হলেই ফেনী বাজারের রাস্তাগুলো ধীরে ধীরে জেগে ওঠে। দোকানের শাটার তোলার শব্দ, চা দোকানে কেতলির সিটি, রিকশার ঘণ্টা—সব মিলিয়ে বাজার নিজেই যেন একটা জীবন্ত প্রাণী। এখানে কেউ শুধু কেনাকাটা করতে আসে না; আসে খবর নিতে, গল্প শুনতে, মানুষ দেখতে।

ফেনী বাজার মানেই স্টারলাইন, হানিফ, শ্যামলী—বাস কাউন্টার ছাড়া ফেনী বাজার কল্পনাই করা যায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে ফেনীবাজার চেনে কিন্তু স্টারলাইন চেনে না। বাসের কাউন্টারগুলো শুধু যাতায়াতের জায়গা না, এগুলো বিদায়ের কান্না, ফেরার আনন্দ আর অপেক্ষার দীর্ঘশ্বাসে ভরা।

ফেনী বাজার আসলে ফেনীর মানুষের দৈনন্দিন অভ্যাসে ঢুকে গেছে। কেউ অসুস্থ হলে বলে, “ফেনী বাজারে ডাক্তারের কাছে যাই।” কেউ নতুন জামা কিনলে বলে, “বাজার থেইকা আনছি।” বাজার এখানে শুধু জায়গা না—একটা চলমান জীবন।